রাশিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় নিহত অর্ধশত

২৬ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, রাশিয়া): রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন উদ্ধারকারীও রয়েছেন।

রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।

খবরে জানা যায়, কয়লাখনিটি কেমেরোভো এলাকায় অবস্থিত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে লিস্টভিয়াঝনিয়া খনির বায়ু চলাচলকারী একটি পথে কয়লার গুঁড়ায় আগুন ধরে যায়। এতে খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ১১ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় খনিতে ২৮৫ জন কর্মী অবস্থান করছিলেন। তাদের বেশির ভাগই ঘটনার পর খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তবে অনেকে আটকে পড়েন। তাদের উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন উদ্ধারকারীরা। অভিযান চালাতে গিয়ে কয়েকজন উদ্ধারকারীও আটকা পড়েন। খনিতে বিপুল পরিমাণে বিপজ্জনক মিথেন শনাক্ত হওয়ার পর অভিযান স্থগিত করা হয়।

গতকাল রাতে বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, খনিতে আটকে থাকা ব্যক্তিদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তাদের মধ্যে ছয়জন উদ্ধারকারীও রয়েছেন।

এ ঘটনায় খনি পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খনিতে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

খনি দুর্ঘটনায় এত প্রাণহানিকে ‘অত্যন্ত বিয়োগান্ত ঘটনা’ বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

খনি দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *