নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা ও থানচি উপজেলা থেকে আট মাস পর ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে রোয়াংছড়ি উপজেলায় এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। গত বছরের ১৭ অক্টোবর এই তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর কয়েক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত ১৪ মার্চ এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরও এক দফা বাড়ানো হয়।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এক গণবিজ্ঞপ্তি জারি করে রুমা এবং থানচি উপজেলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের পাঠানো চিঠির আলোকে আজ রুমা ও থানচি উপজেলা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকদের দুর্গম এলাকায় ভ্রমণে যাওয়ার আগে আইনশৃঙ্খলাসংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু রোয়াংছড়ি উপজেলা ছাড়া জেলার অন্যান্য উপজেলায় আগের মতো স্থানীয় ও বিদেশি পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোপন আস্তানায় সমতলের জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল। এ কারণে গত ৯ অক্টোবর তিন উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান শুরু হয়। নিরাপত্তার বিষয় বিবেচনা করে সে সময় তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
ভ্রমণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply