০৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকালে সেজান জুস কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে।
শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।
প্রথম দিকে আগুনে পুড়ে তিনজনের মৃত্যুর খবর জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের অন্যান্য হাসপাতালে পাঠানও হয়।
অগ্নিকাণ্ড/এসকেএম















