র‌্যাগিং বন্ধে হাইকোর্টের নির্দেশ

র‌্যাগিং বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

রোববার তারা রুলসহ এ আদেশ দেন। রুলে জানতে চাোয়া হয়, শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না। রুলের জবাব দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে।

রিট আবেদনকারী অ্যাডভোকেট ইশরাত হাসান আদালতে নিজেই শুনানী করেন। এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আবেদনকারী অ্যাডভোকেট ইশরাত সাংবাদিকদের বলেন, আদালত তিন মাসের মধ্যে র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটি র‌্যাগিংয়ের অভিযোগ গ্রহণ করবে এবং সুপারিশ নিবে। আর র‌্যাগিং বন্ধে ব্যবস্থা নেয়া ও প্রতিকার করবে স্কোয়াড।

২০১৯ সালের ৯ অক্টোবর র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন ইশরাত হাসান। সেই নোটিশে র‌্যাগিং বন্ধে কমিটি ও স্কোয়াড গঠনের কথা বলা হয়েছিল।

সংশ্লিষ্টদের কাছ থেকে কোন সাড়া না পেয়ে চলতি বছরের ৮ জানুয়ারি র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন ইশরাত হাসান। এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশনা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *