লালমনিরহাটের খুনী ঢাকায় গ্রেফতার

০৭ নভেম্বর ২০২০(নিউজ ডেস্ক): লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার হয়েছে। মামলার প্রধান আসামি ৪৬ বছর বয়েসী আবুল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার ডিএমপি’র মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপি’র গোয়েন্দা শাখার মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম ভোরে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশ ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন কয়েকদিন দিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। তারা জানতে পারে আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করতে পারে। সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা লাশ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আগুনে পুড়িয়ে দেয়।

এ ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট/এসকেএম/আরএম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *