২৬ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): দলীয় সংগ্রহ ৫০ ছোঁয়ার আগেই নেই ৪ উইকেট। প্রচণ্ড চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুললেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। প্রথম ইনিংসে শতক হাঁকালেন লিটন। সেঞ্চুরির অপেক্ষায় মাঠ ছাড়লেন মুশফিকও। লিটন ও মুশফিকের দুর্দান্ত জুটিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ থিতু হনে পারেননি সাইফ হাসান। পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির বাউন্সারে বল নিয়ন্ত্রণে না রাখতে পেরে উইকেট হারান এই ওপেনার। ব্যক্তিগত ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। সাইফের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার সাদমানও। হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১৪ রানে বিদায় নেন তিনি।
ব্যাট করতে নেমে ইনিংস বাড়াতে ব্যর্থ হন অধিনায়ক মুমিনুল হকও। সাজিদ খানের বলে ব্যক্তিগত ৬ রানে উইকেট হারান তিনি। তিনে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। ফাহিম আশরাফের বলে সাজিদ খানের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৪ রানে উইকেট হারান তিনি।
চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে তখন মাঠে নেমে লিটনের সাথে দলের হাল ধরেন মুশফিক। ব্যাট হাতে থিতু হয়ে বাংলাদেশের সংগ্রহ বাড়ানোর দিকে মনোযোগ দেন এই দুই ব্যাটার। এর মাঝে লিটন ক্যারিয়ারের ১০ম টেস্ট ফিফটি তুলে নেন ৯৫ বলে। আর মুশফিক ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে নেন ১০৮ বলে।
আলোক স্বল্পতায় ৮৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও লিটন। ২২৫ বলে ১১৩ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন এবং মুশফিক (৮২*) সেঞ্চুরির প্রত্যাশায় দ্বিতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply