শাজাহান খানকে আদালতের নির্দেশ

সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা নেতা শাজাহান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মানহানির মামলায় আদালত শাজাহান খানকে এই নির্দেশ দেন।

বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য্য মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন। এর আগে, গত বুধবার ইলিয়াস কাঞ্চন সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। ইলিয়াস কাঞ্চনের পক্ষে আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। মামলার নাম্বার: ০৯/২০২০।

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইলিয়াস কাঞ্চনের কঠোর সমালোচনা করেন শাজাহান খান। সাবেক এই মন্ত্রী তার বক্তব্যে ইলিয়াস কাঞ্চনের নাম উল্লেখ করে বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কতো টাকা পান, কি উদ্দেশে পান, সেখান থেকে কতো টাকা নিজে নেন, কতো টাকা পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরবো।’

ইলিয়াস কাঞ্চন সে সময় দেশে না থাকলেও নিসচা’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। একই সাথে এই বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টা সময় দেয়া হয়।

ইলিয়াস কাঞ্চন দেশে ফিরে গেল বছরের ১১ ডিসেম্বর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি শাজাহান খানকে এই বক্তব্য প্রত্যাহার করা এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেদিনই ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, শাজাহান খান তার বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে আইনের পথে হাঁটা হবে।

শাজাহান খান এখন পর্যন্ত ইলিয়াস কাঞ্চনের দাবি মেনে বক্তব্য প্রত্যাহার করেননি এবং ক্ষমা চাননি। তাই তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *