২০ মে ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপিসহ সব রাজনৈতিক দলগুলোকে শিগগিরই আলোচনায় বসার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শুক্রবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। এ সময় তিনি নিজে একজনের ভোটার তথ্য হালনাগাদের তথ্য পূরণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা কাজ করে যাচ্ছি। কীভাবে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, এ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। অচিরেই বিএনপিসহ সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো সংলাপে বা আলোচনায় বসার জন্য। ঠিক করে বলতে পারছিনা, হয়ত দু’এক মাসের মধ্যেই আলোচনায় বসতে পারি।
তিনি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সক্ষমতা বৃদ্ধির জন্য ইসি কাজ করছে। ইভিএম এর সক্ষমতা কতটুকু দরকার আরও কি কি করা যায়, এ বিষয়ে কমিশনে আরও আলোচনা হবে। আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারবোনা।
৩০০ আসনে ইভিএম-এ নির্বাচনের সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার।
ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভারের ইউএনও মাজহারুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
সিইসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply