শিরোপার লড়াইয়ে চট্টগ্রাম-খুলনা

১৭ ডিসেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২৩ ম্যাচের লড়াইয়ের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচ। শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাইনালে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুরে দু’দলের ফাইনাল মাঠে গড়াবে বিকেল সাড়ে ৪টায়।

যে ম্যাচের জন্য প্রতীক্ষায় ক্রিকেট পিয়াসিরা। করোনার অভিশপ্ত সময়ে ক্রিকেট সমর্থকদের অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে আসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসর।

আসরের শুরুতে আলোচনায় না থাকলেও, টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে চট্রগ্রাম। এ পর্যন্ত আসরের ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে তারা।

আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজের আগুনে ফর্ম, ব্রেক থ্রুতে শরিফুলের ভূমিকা। সব মিলিয়ে তারুণ্য নির্ভর চট্টগ্রামের দিকে বাজি সবার। মাঠের বাইরে কোচ সালাহউদ্দিনের ক্রিকেটীয় মস্তিষ্ক। সব মিলিয়ে চট্টগ্রাম ১২ জনের দল। সার্বিক বিবেচনায় ফাইনালের মঞ্চে চট্টগ্রামই ফেভারিট। কিন্তু, মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে কৌশলী কোচ সালাহউদ্দিন।

চট্টগ্রামের কোচ মোহাম্মাদ সালাহউদ্দিন বলেন, ‘সাকিব না থাকলেও খুলনা মাশরাফী, মাহমুদুল্লাহ ইমরুল আরিফুলদের নিয়ে অনেক অভিজ্ঞ সমৃদ্ধ দল। সেক্ষেত্রে ফাইনালে খুলনাই এগিয়ে থাকবে। আমাদের ওদের বিপক্ষে জিততে হলে ব্যাটিংয়ে যেমন ভাল শুরু দরকার। ঠিক তেমনি বোলিংয়ে ধারাবাহিকভাবে ভাল করতে হবে।

সাকিব আসরে জ্বলে না উঠলেও, তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপ। কিন্তু, তিনি নেই। আছেন ঐ একজন মাশরাফী বিন মোর্ত্তজা। যিনি পারফরমার আবার দলের প্রাণশক্তিও। বাস্তবিক অর্থে চট্টগ্রামের তুলনায় ব্যাটিংয়ে টপ অর্ডার আর বোলিংয়ে অতোটা ধারালো নয় খুলনা। কিন্তু, মাশরাফী-ইমরুলদের অভিজ্ঞতার সাথে মাহমুদউল্লাহর দূরদর্শী নেতৃত্বগুণ ম্যাচের রং বদলে দিতে পারে।

জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানান, ধন্যবাদ সালাহউদ্দিন স্যারকে, এভাবে আমাদের মূল্যায়ন করেছেন। তবে, ম্যাচটা সহজ হবে না। সেরা দুদলই ফাইনাল খেলছে। দুই দলই চাইবে শিরোপা জিততে।

সেজন্য আমাদের সেরাটা খেলতে হবে। প্রতিপক্ষের টপ অর্ডার ও বোলিং অ্যাটাক দারুণ। কিন্তু, তাদের শক্তিমত্তা নিয়ে না ভেবে শিরোপা জিততে হলে আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে হবে।

শেষ বিকেলে খেলা শুরু হবে। শীতের সন্ধ্যায় শিশির সখ্যতা গড়ে মিরপুরের ক্যানভাসে। তাই ফ্ল্যাড লাইটের আলোতে বোলিং করতে চাইবে নিশ্চয় কোন দল। সেক্ষেত্র টস ভাগ্যও রাখবে বড় ভূমিকা। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *