শিল্পকারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত

৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই গার্মেন্টসহ দেশের রপ্তানিমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্পকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

এরআগে ২৯ জুলাই সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের সংগঠন  বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের নেতারা। সেখানে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই পোশাক শিল্পসহ সব ধরনের কারখানা খুলে দিতে সরকারের কাছে অনুরোধ জানান তারা।

তারা বলেছেন, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা, সাপ্লাই চেইন ভেঙে পড়া, বন্দরে জট, সার্বিক অর্থনীতিসহ সবকিছু বিবেচনা নিয়েই তারা এ অনুরোধ জানাতে বাধ্য হয়েছেন।

শিল্প কারখানা/এসকেএম