শেখ হাসিনার রাজনীতি গরীব-দুঃখী মেহনতী মানুষের জন্য

২৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দুঃখী, মেহনতী মানুষের জন্য শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।

ডক্টর হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।

মন্ত্রী বলেন, যারা ড্রয়িং রুমের মধ্যে বসে থাকে আর সেখান থেকে নেতৃত্ব করে তারা আওয়ামী লীগের প্রাণ নয়, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে মাঠের নেতাকর্মীরা। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনীতি গণমানুষের জন্য, হকার-কৃষক-শ্রমিক ভাইদের জন্য।

তথ্যমন্ত্রী এসময় বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা উচিত নয় উল্লেখ করে বলেন, হকারদের বিকল্প ব্যবস্থা করার জন্য শহর কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। বিদেশে যেমন সাপ্তাহিক বাজার বসে, তেমনি প্রতি ওয়ার্ডে যদি সাপ্তাহিক বাজার বসতো তাহলে হকারদের জন্য সুবিধা হতো। দেশের অন্যান্য বড় শহরগুলোতেও সাপ্তাহিক বাজার বসানো যায়। তাহলে হকারেরা সেখানে গিয়ে বিক্রি করতে পারে এবং তাদের সংসারটা চলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির কথা উল্লেখ করেন ডক্টর হাছান। বলেন, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আক্ষেপ করে কারণ পাকিস্তানের চেয়ে আমরা এখন অনেক এগিয়ে গেছি। ভারতে আমাদের অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে টেলিভিশনের পর্দায়, রাজনীতির মাঠে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনার ঝড় উঠে কারণ এটি শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *