০৭ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার ‘ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল’ এ কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি সবাইকে অনুরোধ করব, যত শীঘ্রই সম্ভব সবাই নির্ভয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধিত হয়ে টিকা গ্রহণ করবেন। এর মাধ্যমেই করোনা থেকে আমরা মুক্তি অর্জন করব এবং এ করোনাকে আমরা জয় করব।
মেয়র করোনার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনায় আক্রান্ত হয়ে ব্যাপক প্রাণহানি হয়েছে। এবং বিশ্বব্যাপী লকডাউন এর কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, তার সুদুরপ্রসারী চিন্তা-চেতনার মাধ্যমে আমরা এই মহামারীকে অতিক্রম করতে যাচ্ছি।
ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজ থেকে সারাদেশে টিকা প্রদান কার্যক্রম আরম্ভ হয়েছে। সেই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৯টি হাসপাতালে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এদিন ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণের জন্য ৫৬ জন নিবন্ধন করেছেন।
শুধুমাত্র টিকাদানের মাধ্যমেই আমরা করোনাকে জয় করতে পারি। তাই টিকা নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোন কারণ নেই জানিয়ে মেয়র বলেন, আমরা ইনশাল্লাহ সবাই এই টিকা নিয়ে এই করোনাকে জয় করব।
অনুষ্ঠান শেষে শাহ আলম নামে নিবন্ধিত এক ব্যক্তি টিকা নেন। প্রথম দিনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণের জন্য ৫৬ জন ব্যক্তি নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, ডিএসসিসি এলাকায় সচিবালয় ক্লিনিক, ফুলবাড়িয়া সরকারি কর্মজীবী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, আজিমপুর মা ও শিশু হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পিলখানার বিজিবি হাসপাতাল ও লালবাগস্থ ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং ডিএসসিসি পরিচালিত বংশালের কসাইটুলী নগর মাতৃসদন, হাজারীবাগ নগর মাতৃসদন, ধলপুর নগর মাতৃসদন, উত্তর মুগদা মাতৃসদন ও খিলগাঁওয়ের তিলপাপাড়া মাতৃসদন কেন্দ্রেও দেয়া হচ্ছে করোনার টিকা।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শরীফ আহমেদসহ অন্যরা।
ডিএসসিসি মেয়র/এসকেএম
















Leave a Reply