নিউজ ডেস্ক: বিএনপি যতই মারামারি, পাল্টাপাল্টি হুমকি দিক না কেন আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে এক চুলও নড়বে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না। বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে যা আছে, সে অনুযায়ী সব করবো। এর বাইরে আমরা একচুলও নড়বো না। মারামারি হুমকিতেও কাজ হবে না। আওয়ামী লীগ কারও কাছে মাথানত করবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনা দায়িত্বে থেকে নির্বাচনকালীন সরকারে থাকবেন। মিথ্যাচার করে কোনও লাভ হবে না। আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা বলেছি, আমরা শান্তি চাই। নির্বাচনের সময়ও শান্তি চাই।
সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির একদফা আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুল ইসলাম বলেছেন, তাদের পদযাত্রা না কি জয়যাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা। তাদের পতনযাত্রা শুরু হয়ে গেছে।
ইউরোপীয় ইউনিয়ন কী দিয়ে গেছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তত্ত্বাবধায়ক দিয়েছে? সরকারের পদত্যাগ, না কি শেখ হাসিনার পদত্যাগ? তারা দেবার কে? বিএনপি আসলে পেয়েছে একটা হাসের ডিম, ঘোড়ার ডিম। আমেরিকানরা এসেছে, বিএনপি মনে করেছে তারা বলবে- সংলাপ করতেই হবে। আসলে তারাও দিয়ে গেছে ঘোড়ার ডিম।
দেশবাসির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ওপর ভর করে লাভ নেই। বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। বিএনপি কি দিবে? একদিনে শত সেতু শেখ হাসিনা উদ্বোধন করেছেন। বিএনপির আছে কিছু দেখাবার? ফখরুল ইসলাম কি দেখিয়ে ভোট করবেন? সামনের কয়েক মাস উদ্বোধন আর উদ্বোধন।
তিনি বলেন, বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা নেই। গতবারের মতো এবারো হারবে। ওদের সব দল, জোট, আন্দোলন ভুয়া। এই ভুয়া আন্দোলনের পরাজয় অনিবার্য। তাদের বিজয় যাত্রা বিফলে যাবে।
ওবায়দুল কাদের/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply