সাকিব-লিটন নৈপুন্যে টাইগারদের বড় জয়

১৬ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক):লিটন দাস ও সাকিব আল হাসানের নৈপুন্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরির পর বল হাতে সাকিব আল হাসানের ৫ উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানের বড় জয় পায় টাইগাররা।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে লাল সবুজদের বেঁধে দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।

জবাব দিতে নেমে জিম্বাবুয়ের হয়ে উদ্বোধন করতে নামেন ওয়েসলে মাধেভেরে ও তাদিওয়ানশে মারুমানি। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। পঞ্চম ওভারে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ। তিনিও বোল্ড করেন ৯ রান করা মাধেভেরেকে। এরপর ১৮ রান করা ডিওন মায়ার্সকে আউট করেন শরিফুল ইসলাম। পরে টেলরকে ২৪ রানে ফেরান সাকিব আল হাসান। দলীয় শতক পার করার পর ব্যাটিং ধসের সম্মুখীন হয় জিম্বাবুয়ে। ১০৫ থেকে ১০৭ রানে যেতেই হারায় ৩ উইকেট।

জঙ্গেকে মাঝে রান আউট করেন আফিফ হোসেন। এর আগে পরে রায়ান বার্ল ও মুজারাবানিকে ফেরান সাকিব।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এরপর ওয়ান ডাউনে নেমে ২৫ বলে ১৯ রান করে ফেরেন সাকিবও। ক্রিজে আসেন মোহাম্মদ মিঠুন। তবে ১৯ রানের বেশি করতে পারেননি মিথুনও। টেন্ডাই চাতারার বলে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটসম্যান। এরপর গারাভার বলে সাজঘরে ফেরার আগে মাত্র ৫ রান করেন সৈকত।

৪ উইকেট হারানোর পর লিটন-রিয়াদ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনে মিলে গড়েন ৯৩ রানের জুটি। পরে লুক জঙ্গের স্লোয়ার বলে পুল করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন রিয়াদ।  ৫২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন সাইলেন্ট কিলারখ্যাত এই অলরাউন্ডার। এর কিছুক্ষণ পরেই মাধেভেরের বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরণ করেন লিটন দাস। তবে সেঞ্চুরিকে বেশিদূর এগিয়ে নিতে পারেননি লিটন। শতকের পরপরই গারাভার বলে ক্যাচ তুলে দেন তিনি। এর পরে আউট হন আফিফ ও মিরাজ। তাদের ফেরান জঙ্গে।

ক্রিকেট/এসকেএম