সাগরে ট্রলার উল্টে জেলের মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বঙ্গোপসাগরে মাছ ধরে তীরে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার উল্টে গেছে। এতে ট্রলারের মালিক রুহুল আমিন খান মারা গেছেন। এ সময় আহত হয়েছেন ট্রলারে থাকা আরও পাঁচ জেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন মেহেরআলী এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারের মালিক ও মাঝি ৫০ বছর বয়সী রুহুল আমিন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে আল-আমিন নামের এক জেলের নাম জানা গেছে। অন্য চার জেলের নাম জানা যায়নি। ওই জেলেদের বাড়িও চরদুয়ানী ইউনিয়নে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, রুহুল আমিন নামবিহীন ওই ট্রলারের মালিক হলেও তিনি ট্রলারের মাঝির দায়িত্ব পালন করছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ট্রলারটি উল্টে গেলে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। মাছ শিকার শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে তীরে ফেরার পথে তারা এ দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার পর ট্রলারের অন্য পাঁচ জেলে সাগরে ভাসছিলেন। পরে মাছ ধরার অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে।

গোলাম মোস্তফা আরও বলেন, নিহত ব্যক্তির লাশ ও অন্য জেলেদের আনতে সাগরের মেহেরআলী এলাকায় একটি ট্রলার পাঠানও হয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে ঘটনাস্থল আমাদের এই স্টেশনের আওতার বাইরে। তবু সার্বিক খোঁজ-খবর রাখছি।

নৌ-দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *