সাত বছর পর দেখা হবে মা-ছেলের

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তিনি লন্ডন গিয়ে দেখা পাবেন ছেলে তারেক রহমানের। এই সাক্ষাতের মধ্যদিয়ে অবসান ঘটবে দীর্ঘদিন মা-ছেলের দেখা না হওয়ার। গেল সাত বছর দেখা হয়নি মা-ছেলের।

বিমানবন্দরের উদ্দেশে বাসভবন থেকে যাত্রা করছেন বেগম খালেদা জিয়া

৭ জানুয়ারি মঙ্গলবার রাতে খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার হয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধাসহ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এরমধ্য দিয়েই দীর্ঘ সাত বছর পর দেখা হতে যাচ্ছে মা-ছেলের। খালেদা জিয়া এর আগে সবশেষ লন্ডন যান ২০১৫ সালের ১৫ জুলাই। সেবারও হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে বাসায় যান তারেক। সেই সফরে লন্ডনের মরফিল্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন হয়েছিল।

ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়ার সাথে। তিনি জানান, খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেয়া হবে। সেখানেই তার চিকিৎসা চলবে।

খালেদা-তারেক/এটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *