সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা

১৩ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): মজুরি বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম, সিলেটসহ সারাদেশে একযোগে চা-বাগানে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা।

শনিবার সকালে ধর্মঘটের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগান ও ভুরভুরিয়া চা-বাগানের শ্রমিকেরা ভাড়াউড়া চা-বাগানের এসে বিক্ষোভ করছেন।

এর আগে গত মঙ্গলবার থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিকেরা। তবে দাবি মেনে না নেয়ায় গতকাল শুক্রবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় চা-শ্রমিক ইউনিয়ন।

আজ সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের দাবি আদায়ের বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

ভাড়াউড়া বাগান পঞ্চায়েতের সভাপতি নুর মিয়া গণমাধ্যমকে বলেন, আন্দোলনের আজ পঞ্চম দিন চলছে। মজুরি বৃদ্ধির দাবিতে চার দিন ধরে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হচ্ছে। কিন্তু মালিকপক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার জন্য কেন্দ্রীয় কমিটির নেতারা দুই বছর আগ থেকে দাবি জানিয়ে আসছেন। কিন্তু ১৯ মাস পার হয়ে গেলেও মালিকপক্ষ মজুরি বৃদ্ধির ব্যাপারে গড়িমসি করছে। তারা মাত্র ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাত্র ১৪ টাকা দিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করা যাবে না।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে বাংলাদেশীয় চা-সংসদের সিলেট বিভাগের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী বলেন, মালিকপক্ষের সাথে শ্রমিকদের আলোচনাকালে এভাবে কাজ বন্ধ করে আন্দোলন করা বেআইনি। আমরা আশা করছি, তারা আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেবে। এখন চা-বাগানে ভরা মৌসুম। কাজ বন্ধ রাখলে সবার ক্ষতি। তারাও এই মৌসুমে কাজ করে বাড়তি টাকা পায়।

ধর্মঘট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ