সিনেমা হলের জন্য ব্যাংক ঋণ

১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক):  চলচ্চিত্রশিল্পে আশার দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। তিনি জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রণোদনা প্যাকেজ তৈরি হচ্ছে। সিনেমা হল নির্মাণ বা সংস্কারের জন্য এই প্রণোদনা দেয়া হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল নির্মাণ-সংস্কারে সহজে ব্যাংক ঋণ চালু হওয়ায় তথ্যমন্ত্রীকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানানোর পর তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সহ-সভাপতি মিঞা আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, কোষাধ্যক্ষ আজগর হোসেন ও নির্বাহী সদস্য ফারুক হোসেন মানিক উপস্থিত ছিলেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, দেশের চলচ্চিত্রশিল্পের যুগান্তকারী উন্নয়নের লক্ষ্যেই প্রকৃতপক্ষে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ তহবিল গঠনের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সে কারণেই একটি বিশেষ তহবিল গঠিত হয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক আপাতত ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। প্রয়োজনে টাকার পরিমাণ ১ হাজার কোটি টাকা বা তারও বেশি করা যাবে। সাধারণভাবে ৮ বছরে পরিশোধযোগ্য এই ঋণ গ্রহণের এক বছর পর থেকে শোধ করা শুরু হবে। এ তহবিল মূলত প্রণোদনা প্যাকেজ। তফসিলি ব্যাংকের মাধ্যমে এটি বিতরণ হবে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ১ দশমিক ৫ শতাংশ সুদে টাকাটা তফসিলভুক্ত ব্যাংকগুলোকে দেবে। ব্যাংকগুলো জেলা-উপজেলায় সেটি ৪ দশমিক ৫ শতাংশ আর ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ৫ শতাংশ সুদে ভোক্তাদের কাছে এই ঋণ বিতরণ করবে।

হাছান মাহমুদ জানান, ঋণ তারাই পাবেন যারা সিনেমা হল সংস্কার করতে চান, বন্ধ হয়ে গেছে এমন সিনেমা হল পুণরায় চালু করতে চান অথবা নতুন সিনেমা হল বানাতে চান এবং একইসাথে কোনো মার্কেটের ভেতরে যদি কোনো সিনেপ্লেক্স, সিনেমা হল কেউ করতে চান সেই ক্ষেত্রেও পাবে।

অচিরেই দেশের চলচ্চিত্র জগতের বিশাল ইতিবাচক অগ্রযাত্রা সবার দৃষ্টিগোচর হবে বলে আশা প্রকাশ করেন হাছান মাহমুদ।

সিনেমা হল/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *