সীমান্তে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর গয়েশপুর সীমান্তে তারিকুল ইসলাম তারিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত।

সোমবার দিবাগত গভীর রাতে কুপিয়ে মারাত্মক আহত করার কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তিনি।

জানা যায়, ভারত সীমান্তের জামতলায় হামলার শিকার হলেও তারিক দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গয়েশপুর সীমান্তের দোয়াড় মাঠে এসে পড়ে যান। বিজিবির টহল দলের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরিবারের সদস্যরা রাতেই তারিককে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়। সেখান থেকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই মারা যান।

স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বড়পুকুরপাড়ার রবগুল হোসেনের ছেলে তারিকুল ইসলাম তারিক এলাকায় দীর্ঘদিন ধরে বিজিবির সোর্স হিসেবে কাজ করে আসছিল। যে কারণে এলাকার মাদক ব্যবসায়ীদের সাথে তার বৈরী সম্পর্ক ছিল। এ অবস্থার মধ্য দিয়ে সোমবার দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকার ৬৮ এস পিলার সংলগ্ন স্থান থেকে তাকে পরিবারের সদস্যরা মারাত্মক রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তারিক মূলত ভারত সীমান্তের ভিতরে জামতলা নামক স্থানে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে সে দৌড়ে পালিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তর গয়েশপুর দোয়াল মাঠে একটি কলাবাগানের ভিতরে পড়ে যায়।

সীমান্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ