সেপ্টেম্বরে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত হবে

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা সংশোধনের জন্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালার সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হবে।

বুধবার এ-সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে নির্বাচন ভবনে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ইসির কর্মকর্তারা।

অশোক কুমার দেবনাথ বলেন, তারা বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করেছেন। কোন কোন ক্ষেত্রে নীতিমালা যুগযোপযোগী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনও সিদ্ধান্ত হয়নি। এটি ছিল প্রাথমিক বৈঠক। আরও কয়েকটি বৈঠক করতে হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে। এরপর অনুমোদনের জন্য তা কমিশনে তোলা হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের জন্য সহায়ক হয়, ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) হয়, সে ধরনের বিষয় নিয়ে বৈঠতে আলোচনা হয়েছে।

নীতিমালার কয়টি জায়গায় পরিবর্তন আসতে পারে-এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হবে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।

ইসি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ