৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল কেন উইলিয়ামসনরা। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বিরোট কোহলির নেতৃত্বাধীন ভারত। গ্রুপ-১ থেকে পাকিস্তানের সাথে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড ক্রিকেট দল।
রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান করে আফগানিস্তান। জবাবে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
কিউইদের জয়ে ৪২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক উইলিয়ামসন। ৩২ বলে অপরাজিত ৩৬ রান করেন ডেভন কনওয়ে। ২৩ বলে ২৮ রান করে আউট হন মার্টিন গাপটিল।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানেই প্রথম সারির ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আফগারা। দলীয় ৫৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন গুলবাদিন নাইব।
এরপর অধিনায়ক মোহাম্মদ নবীকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ বলে ৫৯ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান।
ইনিংসের শুরুতে ১৯ রানে ৩ উইকেট হারানো দলটি ইনিংসের শেষ দিকে মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।
টিম সাউদির করা ১৮তম ওভারের শেষ বলে সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ২০ বলে ১৪ রান করে আউট হন তিনি।
ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া নজিবুল্লাহ জাদরানকে ১৯তম ওভারে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। তার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন নজিবুল্লাহ।
নজিবুল্লাহ আউট হওয়ার এক বল পর আউট হন করিম জানাত। জেমস নিশামের করা ইনিংসের শেষ ওভারে রশিদ খান ২ রানের বেশি করতে পারেননি। শেষ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply