সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কাস্টমসের তথ্যমতে, আটক ব্যক্তির নাম এম জেড এ শরীফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীন বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। তার কাছ থেকে উদ্ধার করা চারটি সোনার বারের ওজন ৪৬৪ গ্রাম, যার বাজারমূল্য ৪০ লাখ টাকা।

ঘটনার বর্ণনা দিয়ে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার বদরুজ্জামান মুন্সী গণমাধ্যমকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ আজ চট্টগ্রাম বিমানবন্দরে আসে। উড়োজাহাজে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা শরীফের এক আত্মীয় আসেন। আলাউদ্দিন নামের এই যাত্রীর কাছ থেকে চারটি সোনার বার নিয়ে বিমানবন্দরের বাইরে পাচার করতে যাচ্ছিলেন শরীফ। এ সময় তাকে সন্দেহ হয় বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তাদের। তারা তাকে চ্যালেঞ্জ করেন। তাকে স্ক্যানিং গেটে নেয়া হয়। তল্লাশি করে তার কাছে চারটি সোনার বার পাওয়া যায়। আটক বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিষয়টি এখনও আমাদের কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

চট্টগ্রাম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *