সৌরজগতের রহস্য উদ্ধারে বৃহস্পতির পথে ‘লুসি’

১৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সৌরজগতের উদ্দেশে পৃথিবী ছেড়েছে নাসার মহাকাশযান ‘লুসি’। জুপিটার বা বৃহস্পতি গ্রহের কাছের গ্রহাণুসমূহের পরীক্ষা-নিরীক্ষা করতে মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। মূলত এই অভিযান থেকে সৌরজগৎ তৈরির রহস্য খুঁজবে লুসি। নাসা এই অভিযানটিকে বলছে সৌরজগতের ‘জীবাশ্ম’ খোঁজার অভিযান।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে ‘লুসি’ নামের এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। খবর: বিবিসি বাংলা।

বৃহস্পতিগ্রহের কক্ষপথে গ্যাসের যে বিশাল আস্তরণ আছে, সেখানে গ্রহাণুর যে ঝাঁক বেধে ঘুরতে থাকে, সেই গ্রহাণুগুলো পর্যবেক্ষণ করবে মহাকাশ প্রোব লুসি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র বিজ্ঞানীরা বলছেন, গ্রহগুলোর গঠন হওয়ার সময় এসব বস্তু অবশিষ্টাংশ হিসাবে রয়ে গেছে।

ফলে ট্রোজান নামে পরিচিত এসব গ্রহাণুর ভেতরে সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র থাকতে পারে বলে মনে করা হয়।

আগামী ১২ বছর ধরে এই মিশনের পেছনে ৯৮ কোটি ১০ লাখ ডলার খরচ করার পরিকল্পনা করেছে নাসা। এর আগেও গ্রহাণু পর্যবেক্ষণে মহাকাশযান পাঠিয়েছে নাসা। এই সময় ধরে লুসি সাতটি ট্রোজান (গ্রহাণু) পর্যবেক্ষণ করবে।

কলোরাডোর সাউথওয়েস্ট রিসার্চ ইন্সটিটিউটের পক্ষে লুসির প্রধান পরীক্ষক হ্যাল লেভিশন বলছেন, ট্রোজান গ্রহাণুগুলো বৃহস্পতি গ্রহের কক্ষপথে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। তারা বৃহস্পতি আর সূর্যের মহাকর্ষীয় প্রভাবে আটকে আছে।

সৌরজগতের শুরুতে যদি সেখানে কোনও বস্তু রাখা হয়, তাহলে সেটা চিরদিন সেভাবেই থাকবে। সুতরাং এটা বলা যায়, এগুলো আসলে কোন গ্রহ থেকে গঠিত জীবাশ্ম।

নাসা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *