স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে

১৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহা হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিত করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘মানিক সাহা হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী: সাংবাদিক হত্যা-নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। বলেন, এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় এবং হত্যার পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষক, অর্থদাতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে।

সাংবাদিক পলাশ আহসান লিখিত প্রবন্ধে বলেন, সাংবাদিক হত্যায় বিচার না হওয়া দেশের তালিকায় বাংলাদেশ দশম। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত খুন হওয়া সাংবাদিকের সংখ্যা ৩৫ জন। এরমধ্যে মানিক সাহা হত্যা মামলাসহ কয়েকটি মামলায় বিচার বলতে কিছু একটা হলেও বিচারের রায় নিয়ে সংশ্লিষ্টরা উষ্মা প্রকাশ করেছে। মামলার রায়ের পর সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ করেছেন। পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু সংশ্লিষ্টরা তা আমলে নেয়নি।

শহীদ সাংবাদিক মানিক সাহা। ফাইল ছবি

ওমর ফারুক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে বাদ দিয়ে অন্য তিনটি স্তম্ভের উপর রাষ্ট্রকে শক্তিশালী করার অপচেষ্টা চলছে। তিন পায়ে দাঁড় করিয়ে রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যাবহারের পাশাপাশি গণমাধ্যম কর্মী আইন নামে সাংবাদিকদের অধিকার ক্ষুন্নের আরেকটি কালো আইন পাসের উদ্যোগ নেয়া হয়েছে। এ সব কর্মকাণ্ড প্রতিহত করতে মানিক সাহার মতো সাহস ও দৃঢ়তা নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় সভাপ্রধান ছিলেন সাংবাদিক আশীষ কুমার দে। বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও নির্বাহী সদস্য সাকিলা পারভীন, খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুব আলম, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নিউজ ২৪-এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা, সাংবাদিক রফিকুল ইসলাম সবুজ ও নিখিল ভদ্র-সহ অন্যরা।

আরও পড়ুন: লাতিন আমেরিকায় করোনায় দৈনিক আক্রান্তের রেকর্ড

উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে দুর্বৃত্তদের বোমা হামলায় মানিক সাহা নিহত হন।

মানিক সাহা/এএমএম/টিটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *