নিউজ ডেস্ক: হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবুবকর ছিদ্দিকের আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।
এর আগে, গত ২৮ আগস্ট মামলার বাদী বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা মামলা প্রত্যাহারের আবেদন করেন।
আবেদনে বলা হয়, যেহেতু অভিযুক্ত ‘হাওয়া’ সিনেমায় ব্যবহৃত বন্যপ্রাণী সম্পর্কে অবগত ছিলেন না এবং তিনি বন্যপ্রাণী ব্যবহার সম্পর্কে দুঃখ প্রকাশসহ নিষ্পত্তির জন্য আবেদন করেন। এরপর মামলার বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলাটি প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
যদিও সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমন শুরু থেকে দাবি করে আসছিলেন, তারা আইন লঙ্ঘনের মতো কিছু করেননি।
তার ভাষায়, এটা একটা ফিকশনাল ওয়ার্ক। এখানে কোনও বন্যপ্রাণী হত্যা করা হয়নি। দৃশ্যায়নের প্রয়োজনে এখানে বিকল্প ব্যবহার করা হয়েছে।
সিনেমার শুরুতেই সেই ‘ডিসক্লেইমার’ দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেছিলেন, যারা আলোচনা করছে, তারা সিনেমার শুরুটা হয়ত ‘মিস’ করেছেন।
হাওয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply