০৫ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): উইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তার বদলি হিসেবে ফিল্ডিং দিচ্ছেন ইয়াসির আলী রাব্বী।
দল সুত্রে জানা গেছে, কুঁচকিতে চোট পাওয়া সাকিবকে হাসপাতাল নেয়া হয়েছে স্ক্যান করাতে।
জানা যায়, সাকিব দলের সাথে মাঠে এলেও সকালে ওয়ার্মআপের সময় চোটের জায়গায় অস্বস্তি বোধ করলে তাকে ম্যাচে না নামানোর সিদ্ধান্ত হয়। এর আগে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান সাকিব।
সাকিবের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সকালে বলেছিলেন, সাকিবের একটু ব্যথা আছে। শুক্রবার আমরা একটা স্ক্যানও করতে পারি। আজ সব বন্ধ থাকায় একটু সমস্যা আছে। যদি ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো একটা স্ক্যান করব।
জানা গেছে, দিনের খেলা শুরু হওয়ার পর স্থানীয় এক হাসপাতালে সাকিবকে স্ক্যান করাতে নেয়া হয়েছে। তিনি আবার মাঠে নামবেন কিনা, সেটি নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর।
সকালে সাকিব নিজেই ফিজিওকে তার ব্যথার কথা জানিয়েছে। এরপর ঝুঁকি এড়াতেই তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়।
সাকিব আল হাসান/এসকেএম
















Leave a Reply