হেফাজতের সংবাদ বর্জনের ঘোষণা

৩০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে তাণ্ডবের প্রতিবাদে তাদের কোনও সংবাদ না করার ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। মহান স্বাধীনতা দিবসে সাম্প্রদায়িক সংগঠন হেফাজতে ইসলাম তাদের ডাকা হরতালে প্রেস ক্লাবে হামলা চালায়। আহত করে কর্তব্যরত সাংবাদিকদের।

মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ অন্যান্য নেতারা। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মনির হোসেন সমাবেশে সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, হেফাজতের হরতালের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা এবং প্রেস ক্লাবে ভাংচুর করা হয়। এ হামলা ও ভাংচুর পরিকল্পিত। এ হামলা মুক্তচিন্তাকে রোধ করার শামিল।

হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতারা হেফাজতে ইসলামের কোনও সংবাদ না করার ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু মুরু হয়ে পৌর শহরের আশিক প্লাজায় গিয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *