২৪ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): জিম্বাবুয়ের রাজধানী হারারে দেশটির বিমানবাহিনীর (এএফজেড) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছে।
শুক্রবার দেশটির রাজধানীর ৩২ কিলোমিটার পূবে আর্কতুরুসের এ দুর্ঘটনা ঘটে। খবর: সিনহুয়া।
এএফজেডের এক বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় নিহত চার জনের মধ্যে রয়েছে বিমানে থাকা দুই পাইলট, এক জন টেকনিশিয়ান এবং এক শিশু।
এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়া আরেক কিশোরী ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএফজেড জানায়, আগুস্তা বেল ৪১২ নামের এ হেলিকপ্টার প্রশিক্ষণ মিশনের জন্য দুই পাইলট এবং এক জন এয়ারক্রাফট টেকনিশিয়ান নিয়ে ম্যানিয়ামি বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে।
এ হেলিকপ্টারের সাথে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আর্কতুরাসে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
এএফজেডের কমান্ডার এয়ার মার্শাল এলসন মোয়ো বলেন, দুঃখজনক এ দুর্ঘটনায় তারা নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রার্থনা করছি। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম















