নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপেও উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের আগ্রহ নষ্ট করতেই নির্বাচন নিয়ে বিএনপি, টিআইবিসহ কিছু দেশ বিরোধী বুদ্ধিজীবী অপপ্রচার আর মিথ্যাচার করছে। প্রথম ধাপের মতই দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং সংঘাত বিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে।
জিয়াউর রহমান আবেদন করেই বাকশালের সদস্য হয়েছিলেন এমন তথ্য প্রমাণ আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যতই মিথ্যাচার করুক বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান আবেদন করেই বাকশালের সদস্য হয়েছিলেন। তার তথ্য প্রমান আমাদের কাছে আছে। বাকশালের কমিটিতে ৭১ নম্বরে তার নাম ছিল।
তিনি বলেন, বাকশাল একক কর্তৃত্ববাদী কোন দল নয়। এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থায় একটি জাতীয় দল। এটা একদলীয় কোন শাসন নয়। জাতীয় এই দলে নির্বাচনের ব্যবস্থা ছিল। মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক তথ্য প্রমাণ আছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply