মামুনুলের পক্ষে ছাত্রলীগ নেতা?

৭ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, রাঙামাটি): রাঙামাটির এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে সংগঠন থেকে বহিষ্কার করার জন্য।

ছাত্রলীগের ওই নেতার নাম ওমর ফারুক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে প্রচারণা চালিয়েছে।

বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওমর ফারুক কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র। ফারুক বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমর ফারুক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে নিয়মিত লেখালেখি করছেন। একই সাথে ফেসবুকে একের পর এক উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন। ফলে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকায় ওমর ফারুককে কাপ্তাই ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জানা গেছে, ওমর ফারুককে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

ছাত্রলীগ/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *