এসিড সন্ত্রাসের মত ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণেই সরকার আইন সংশোধন করেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ধর্ষণের জন্য মৃত্যুদেণ্ডের বিধান করে একে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবসের অনুষ্ঠানে তিনি ধর্ষণের শাস্তি সম্পর্কে কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ একটা পাশবিকতা, মানুষ পশু হয়ে যায়। ফলে, আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জন্য আমরা আইন সংশোধন করে ধর্ষণের সাজা হিসেবে যাবজ্জীবনের সাথে মৃত্যুদেণ্ডের বিধান রেখেছি। ইতোমধ্যে তা কেবিনেটে পাশ হয়েছে।
এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, এসিড নিক্ষেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ, সেখানেও আমরা আইন সংশোধন করেছিলাম।
তিনি বলেন, যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, তাই আমরা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। যে কোন সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং দূর করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (গতকাল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদেণ্ডের বিধান রেখে ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ -২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
পিএম/টিটি/আরএম















