জাতীয় পার্টি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নয়

০৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। এ আইনটি গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা নিবর্তনমূলক। যা ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।

রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করেছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের অধিকার অনেকাংশেই রোধ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা। কিছু কিছু ধারায় বর্ণিত অপরাধ অজামিনযোগ্য যা মানবাধিকারের পরিপন্থি।

জিএম কাদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো মানুষের মুক্ত চিন্তার অধিকার এবং বাক ও ব্যক্তি স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা সেই ধারাগুলো পরিবর্তন করার জোর দাবী জানাচ্ছি। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরী হয়ে পড়েছে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, দেশে আইনের শাসনে ঘাটতি রয়েছে। দলীয় করণের মাধ্যমে দেশে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ কারণেই সুশাসন নিশ্চিত হচ্ছেনা।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভাপতি ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

জাপা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *