তদ্বিরবাজদের পছন্দ করেন না কৃষিমন্ত্রী

১৩ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য তদবির না করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আপনাদের অনেকেই প্রকল্প পরিচালক, প্রকল্প উপ-পরিচালক বা পছন্দমত পদে পদায়ন ও বদলির জন্য নানাভাবে তদবির করেন। এটি কোন মতেই কাম্য নয়। যারা তদবির করেন তাদের আমি একদম পছন্দ করি না।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষিবিদ সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের কৃষিখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা গেছে। এখন চলছে নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্যের নিশ্চয়তা দেয়ার কাজ। এমনটাই বললেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে খাদ্যসংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনার কাজ চলছে। এজন্য নেয়া হয়েছে ৪৩৮ কোটি টাকার প্রকল্প।

মন্ত্রী আরও জানান, এ প্রকল্পের মাধ্যমে বাড়ির আঙিনায় ও অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হবে। এতে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

নতুন জাতের বীজ উৎপাদন ও বিতরণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে বিএডিসি’র কর্মকর্তাদের প্রতি কৃষিমন্ত্রী আহ্বান জানান। বলেন, দেশে বীজ, সার, সেচসহ কৃষি উপকরণের প্রাপ্তি ও বিতরণে বিএডিসি’র ব্যাপক ভূমিকা রয়েছে। আমাদের গবেষক ও বিজ্ঞানীরা ইতোমধ্যে ফসলের অনেক উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছেন। শিগগিরই এসব জাতের বীজের উৎপাদন ও কৃষক পর্যায়ে বিতরণ করতে হবে।

তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্যের নিশ্চয়তা দিতে হলে কৃষিবিদদের আরও কঠোর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

‘দেশে ৫ লাখ ভারতীয় বিনা পাসপোর্টে কাজ করে’ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন ডক্টর রাজ্জাক। বলেন, তিনি (ডাক্তার জাফরুল্লাহ) নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবী বলে দাবি করেন। আমি সেটাকে সম্মান করি। কিন্তু তিনি যখন বলেন, দেশে ৫ লাখ ভারতীয় বিনা পাসপোর্টে কাজ করে’ এই ধরনের তথ্য তিনি কোথায় পেলেন? কোন তথ্যের ভিত্তিতে তিনি এমন মন্তব্য করেছেন? এটি একটি বিভ্রান্তিকর তথ্য। তিনি জাতিকে বিভ্রান্ত করতে এসব কথা বলছেন।

মন্ত্রী বলেন, ১৯৪৭ সাল থেকে পাকিস্তানিরা এ ধরণের বিভ্রান্তিকর তথ্য দিয়ে ও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ২৩ বছর শোষণ করেছিল। দেশের একদল বুদ্ধিজীবী, রাজাকার, আলবদর ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় ‘ভারত বাংলাদেশ দখল করে ফেলবে’ এমন মিথ্যাচার ও জুজুর ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।

এ বিষয়ে তিনি আরও বলেন, সেই একই গোষ্ঠী, স্বাধীনতা বিরোধীশক্তি, পাকিস্তানের এ দেশীয় দোসর ও সহযোগীরা বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্য দিয়ে, মিথ্যাচার করে জাতিকে এখনও বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি রিপন কুমার মণ্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান ডক্টর অমিতাভ সরকার ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।

সভায় সারা দেশে কর্মরত বিএডিসি’র তিন শতাধিক কৃষিবিদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *