কালোটাকা সাদা করার সুযোগ থাকছে এবারও

১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক): অপ্রদর্শিত আয়কে অর্থনীতির মূল ধারায় আনতে আগামী অর্থবছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ থাকবে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, যতদিন অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ থাকবে, ততদিন এ সুযোগ অব্যাহত রাখবে সরকার।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত ক্রয় মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী। অনলাইনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের কিছুক্ষেত্রে পদ্ধতিগত কারণে অনেক সময় টাকা অপ্রদর্শিত থাকে। এই অর্থ যদি প্রদর্শনের সুযোগ না দিয়ে মূলধারায় আনা না হয়, তাহলে অর্থনীতি ঠিকভাবে কাজ করবে না।

তিনি বলেন, জমি রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ফি অনেক বেশি। আবার মৌজা মূল্য অনেক কম। মৌজা মূল্য যদি বাজার দরের সমান হত, তাহলে কোনো অপ্রদর্শিত টাকা হত না। এই পদ্ধতির কারণে ক্রেতা ও বিক্রেতার কাছে অপ্রদর্শিত টাকা থাকে। সেজন্য তারা বিপদে পরেন। এজন্য সরকার ক্রমান্বয়ে আয়কর হার, জমির নিবন্ধন ফি, স্ট্যাম্প ডিউটি কমিয়ে দিচ্ছে। যাতে সবাই প্রকৃত মূল্য প্রকাশ করতে পারেন।

মুস্তফা কামাল বলেন, আগে আয়কর হার অনেক বেশি ছিল। যে কারণে অনেকে কর দিতো না। এজন্য সরকার আয়কর পর্যায়ক্রমে কমিয়ে আনছে। আশা করা যায়, এক সময় অপ্রদর্শিত টাকা অর্থনীতিতে বিলুপ্ত হবে।

আগামী বাজেটে অপ্রদর্শিত টাকা প্রদর্শনের সুযোগ চলতি অর্থবছরের মত একই রকম শর্তে থাকবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সেটা এখনই বলা যাবে না। এজন্য বাজেট পেশের দিন আগামী ৩ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, চলতি অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে অধিকাংশ ক্ষেত্রে অপ্রদর্শিত সাদা করা যাচ্ছে। এছাড়া জমি ও ফ্ল্যাটের ক্ষেত্রে বর্গফুট অনুযায়ী কর পরিশোধ করে প্রদর্শন করা বা আয়কর রিটার্নে উল্লেখ করা যাচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রণোদনা প্যাকেজের প্রভাবে অর্থনীতি গতিশীলভাবে এগুচ্ছে। সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক উঠতির দিকে। মূল্যষ্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। রপ্তানি আয়, প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে। কমেছে খেলাপি ঋণ। পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে। রাজস্ব আয় ইতিবাচক। লেনদেনের ভারসাম্যই পক্ষে। চলতি হিসাব উদ্বৃত্ত।

কালোটাকা/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *