০৬ জুন ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার সকালে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়। দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু বিষয়টি নিশ্চিত করেন। খবর: আনন্দবাজার পত্রিকা।
সায়রা বানু জানান, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছিল দিলীপের। কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট নয়, রোববার সকালে এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সাথে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।
তিনি জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে দিলীপ কারও সাথে সাক্ষাৎ করেননি। কারণ তার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম। এর আগেও একাধিক বার দিলীপকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার ফুসফুসে সংক্রমণও হয়েছিল।
করোনা থেকে বাঁচতে এর আগেই জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছিলেন দিলীপ কুমার। এ বিষয়ে এক টুইটে তিনি জানান, ‘আমার স্ত্রী সায়রা কোনও ঝুঁকি নিতে চায় না। তাই আমি নিভৃতবাসে রয়েছি। আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না’।
৯৮ বছর বয়সী দিলীপ কুমার ২০১৫ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ পান। তিনি দেবদাস, ক্রান্তি, মোগল-ই-আজম-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।
দীলিপ কুমার/এসকেএম















