স্টার্টআপদের নিয়ে অনলাইন বুটক্যাম্প শুরু

১২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১ এর নির্বাচিত ৬৫টি স্টার্টআপদের নিয়ে অনলাইনে ৫ দিনের “বুটক্যাম্প” শুরু হয়েছে।

শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বুটক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রতিমিন্ত্রী, পারস্পারিক সহযোগিতা ও কঠোর অনুশীলনের মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার এবং নিজেদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনের জন্য স্টার্টআপদের প্রতি আহ্বান জানান। বলেন, আমাদের মেধাবী তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরাই আগামীদিনের উন্নত বাংলাদেশ নেতৃত্ব দিবে।

প্রতিমন্ত্রী বলেন, এ বুটক্যাম্পে অংশগ্রহণকারী স্টার্টআপরাই যথাযথ নার্সিং ও ইনকিউবেশন গ্রহণের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করে নিজেদের আত্মনির্ভরশীল করবে। পাশাপাশি বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশে পরিণত করবে।

তিনি বলেন, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সহযোগিতার মাধ্যমে স্টার্টআপ কালচার ও এন্টারপ্রেনিয়র সাপ্লাই চেইন গড়ে তুলতে আইসিটি বিভাগ ৩৯টি হাইটেক পার্ক, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, ঢাকার কারওয়ান বাজারে ইনোভেশন সেন্টার স্থাপনসহ সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। যা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান।

তিনি নবীন উদ্যোক্তাদের বড় স্বপ্ন নিয়ে ছোট পরিসরে শুরু করে লক্ষ্য ছুঁতে ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বুটক্যাম্পে প্রত্যেক উদ্যোক্তাকেই নিরবে নজরে রাখা হবে জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে ইনোভেশনে সতর্কতা ও মনযোগের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিবসহ অন্যরা।

জুনাইদ আহমেদ পলক/এসকেএম