কাঞ্চন ও তার স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

২১ জুন ২০২১ (বিনোদন ডেস্ক): কলিকাতার অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। মানসিক নির্যাতন ও মদ্যপ অবস্থায় গালিগালাজ করায় ১৯ জুন অভিযোগ করেন পিংকি। পাল্টা ব্যবস্থা হিসেবে রোববার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন কাঞ্চন মল্লিক।

পিংকি জানান, শনিবার কলিকাতার চেতলার বাড়ি থেকে ফেরার পথে তাদের গাড়ি আটকান কাঞ্চন। রাস্তায় দাঁড়িয়েই তার সাথে কথা বলতে চান। গাড়ি থেকে না নামলে কাঞ্চন গাড়ির লক ধরে টানাটানি করে। গাড়িতে আমাদের ছেলে ছিল। সে বাবার আচরণে ভয়ে ছটফট করছিল।

পিঙ্কি আরও জানান, সংবাদমাধ্যমে কথা বলায় কাঞ্চন হুমকি দিয়েছেন। পরে বাধ্য হয়েই তিনি মামলার পথ বেছে নেন।

স্ত্রীর এমন ব্যবহারে বিব্রত অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি মনে করেন, এ ঘটনায় সংবাদমাধ্যমে যা ইচ্ছা তাই বলে জল ঘোলার চেষ্টা করছেন তার স্ত্রী। তাদের দীর্ঘ ৯ বছরের সংসার। একটি আট বছরের সন্তান আছে এ দম্পত্তির। দীর্ঘ এই সময়ে স্ত্রী তাকে নিয়ে কিছু বলেননি। কিন্তু হঠাৎ বিধায়ক কাঞ্চনকে নিয়ে কেন এত ক্ষোভ? এমন প্রশ্ন কাঞ্চনের। তিনি বলেন, আমার দিকে যেভাবে তেড়ে এসেছিল তারা, সেটা ঠিক নয়। তাই আমি আইনানুগ ব্যবস্থা নিয়েছি।

শনিবারের সেই ঘটনা প্রসঙ্গে কাঞ্চন গণমাধ্যমে জানান, বিভ্রান্ত সব খবর দেখে পিংকিকে ফোনে অনুরোধ জানিয়েছিলেন নিজেরা মুখোমুখি বসে সমস্যা সমাধান করতে। পিংকি সেই অনুরোধ রাখেননি। পরে তার সাথে কথা বলার জন্য চেতলা রওনা হন। সাথে শ্রীময়ী ছিলেন। তাদের রাস্তায় দেখা হয়। কাঞ্চন বলেন, তখনও আমি ভালো করে বলি, তোমার যা অভিযোগ মুখোমুখি বসে জানাও। উত্তরে পিংকি চেঁচিয়ে ওঠে! শ্রীময়ী হাতজোড় করে বলে, পিংকি দি, যা ভুল বোঝাবুঝি হয়েছে, চলো মিটিয়ে নিই। সে কথা শুনে শ্রীময়ীর দিকে তেড়ে আসেন পিংকির দাদা। আমি তখন বাধা দিয়ে বলেছিলাম, অচেনা একজন মহিলার দিকে এভাবে কেন তেড়ে যাচ্ছেন? পিংকির চিৎকারে ততক্ষণে লোক জড়ো হয়ে গিয়েছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে।

টালিউডে বেশ কিছুদিন ধরেই কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এ নিয়ে কাঞ্চন মল্লিকের সাথে স্ত্রী পিংকি ব্যানার্জির সম্পর্কেরও টানাপোড়েন চলছে। খবর: আনন্দবাজার।

কাঞ্চন মল্লিক/এসকেএম/টিটি