ইথিওপিয়ায় বাজারে বিমান হামলা

২৪ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইথিওপিয়া): ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের ব্যস্ততম একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিকের অবস্থা গুরুতর। এখনও নিখোঁজ রয়েছেন ৩৩ জন।

মঙ্গলবার দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।

স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না।

আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়।

সামরিক বাহিনী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেন সেউম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

সরকার গত বছরের নভেম্বরে তাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার আগ পর্যন্ত ওই অঞ্চল ছিল তাইগ্রে পিপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) শাসনাধীন। সরকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সংঘাতে ওই এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

বিমান হামলা/এসকেএম