বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দ ঘুরপাক খাচ্ছে

২৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক বলেই বিএনপি মহাসচিবের মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খাচ্ছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা মির্জা ফখরুল ইসলাম আলগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না, তাদের সামনে অন্ধকার’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ মন্তব্য করেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপির এ ধরণের বক্তব্য কৌতুকের মতো শোনায়। যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনও রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদের দলের মহাসচিব হয়তো নিজে পালাবার আশঙ্কা থেকেই একথা বলেছেন। কারণ তার মনে ‘পলায়ন’ শব্দটি ঘুরপাক খায়। আর বিএনপি নিজেরাই সবসময় অন্ধকারে থাকতে চায়, আলোর মুখ দেখতে চায় না বলেই প্রতিনিয়ত তারা আরও অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া দেশে অত্যন্ত সুচিকিৎসা পেয়েছেন। তিনি যদি সুচিকিৎসা না পেতেন, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারতেন না। সরকার বেগম জিয়ার পছন্দ অনুযায়ী হাসপাতালে তার পছন্দের ডাক্তারদের দিয়েই চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্য শুনলে খালেদা জিয়ার সুস্থ হয়ে বাড়ি ফেরা বিএনপির নেতৃবৃন্দের পছন্দ হয়েছে বলে মনে হয় না। খালেদা জিয়া হাসপাতালে থাকলে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করতে সুবিধা হয় বলেই মনে হয়।

তথ্যমন্ত্রী বলেন, মানুষ ভুলে যায়নি, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি কি করেছে, কিভাবে মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। যারা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে তাদেরই আসলে সভ্য হওয়া প্রয়োজন। বিএনপি যে  বর্বরতার রাজনীতি করে তা থেকে তাদের বেরিয়ে আসা প্রয়োজন।

তথ্যমন্ত্রী/এসকেএম

একজন মানুষ ক’বার জন্মায়, তথ্যমন্ত্রীর প্রশ্ন

http://artnewsbd.com