০৩ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): তাদের বলিউডে সুখী দম্পতি হিসেবেই দেখা হতো। একে অপরের ভালো বন্ধু বলেও পরিচিত ছিলেন তারা। সেই ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউড মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও কিরণ রাও।
শনিবার এক লিখিত বিবৃতি দিয়ে নিজেদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে এই তারকা দম্পতি।
বিবৃতিতে তারা লিখেছেন, এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।
আমির ও কিরণ আরও জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন তারা। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলে দাবি দুজনের।
তাদের কথায়, আমরা একসঙ্গে ছবি করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালোবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব।
উল্লেখ্য, আমির খান অভিনীত ‘লগন’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও। সেখানেই তাদের প্রথম পরিচয়। এরপর ২০০৫ সালে বিয়ে করেন তারা। ২০১১ সালে সারোগেট পদ্ধতিতে একটি ছেলেও হয় তাদের।
আমির খান/এসকেএম















