জুড়ীতে সাফারি পার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই রিপোর্ট অনুমোদন

২৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন অনুমোদন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে রিপোর্টে কিছু পর্যবেক্ষণ অন্তর্ভুক্তি সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়।

সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, সাফারি পার্কের প্রস্তাবিত এলাকায় অনেক জায়গা অবৈধ দখলে চলে গিয়েছে। এখানে সাফারি পার্ক নির্মিত হলে আর কেউ অবৈধ অনুপ্রবেশ করতে পারবে না। ফলে এখানকার পাহাড় ও জীববৈচিত্র রক্ষা পাবে। বর্তমানে প্রস্তাবিত লাঠিটিলার জড়িছড়া ও লালছড়া গ্রামের ২৭০ একর সাফারি পার্ক এলাকায় অবৈধভাবে বসবাসকারী ৩৭টি পরিবারকে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। বঙ্গবন্ধুর নামে নির্মিতব্য এ সাফারি পার্কের মহাপরিকল্পনা ও ডিপিপি প্রণয়নের কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব কেয়া খান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমীর হোসাইন চৌধুরী এবং সম্ভাব্যতা যাচাই কমিটির টিম লিডার তপন কুমার দেসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *