ক্লাসরুমে ২৬ শিশু পুড়ে মরলো

৯ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে নিহত হয়েছে অন্তত ২৬ শিশু। দগ্ধ হয়েছে আরও ১৩ জন। হতাহতদের সবার বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। এই মৃত্যুর কারণে দেশটিতে এখন থেকে খড় ও কাঠের তৈরি স্কুল নির্মাণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার দেশটির মারাদি অঞ্চলের খড় ও কাঠের তৈরি ওই স্কুলে আগুন লাগে। খবর: এএফপি।

মারাদির মেয়র ছাইবো আবু বাকার বলেন, এই মুহূর্তে আমরা ২৬ জনের মৃত্যুর কথা জানতে পেরেছি। আরও ১৩ শিশু দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্কুলে আগুন লেগে ২৬ শিশুর মৃত্যুর পর মারাদি অঞ্চলে আজ (মঙ্গলবার) থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি নাইজার। দেশটিতে পর্যাপ্ত স্কুল নেই। এ সংকট নিরসনে নাইজারে খড় ও কাঠ দিয়ে প্রায় এক হাজার স্কুল তৈরি করা হয়েছে। শ্রেণিকক্ষে মাটিতে বসেও শিশুদের ক্লাস করতে হয়। প্রায়ই এসব স্কুলে আগুন লাগে। তবে এতো প্রাণহানি এবারই প্রথম।

মারাদির ওই স্কুলে আগুনে পুড়ে ২৬ শিশুর মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে দেশটির সরকার। বিবৃতিতে বলা হয়, দুঃখজনক এ ঘটনা আবারও নাইজারের মানুষকে শোকের মধ্যে ফেলে দিল।

অগ্নিকাণ্ড/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ