১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর আরও তৎপর হওয়া এখন সময়ের দাবি। অভিযোজনের জন্য বরাদ্দ প্রয়োজন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ এ যোগদানের পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে স্কটিশ পার্লামেন্টারিয়ান ফয়সল চৌধুরী এবং সারাহ বোয়াকের সাথে বৈঠকে তিনি একথা বলেন। বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রেস মিনিস্টার আশেক-উন-নবী চৌধুরী এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় বিশ্ব জলবায়ু তহবিল থেকে কিছু অর্থ বরাদ্দ হলেও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দীর্ঘমেয়াদী অভিযোজনের জন্য অর্থ বরাদ্দ হচ্ছেনা। ফলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে পড়া দেশগুলোকে সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, স্কটিশ পার্লামেন্ট ও বাংলাদেশের সংসদের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কিভাবে একসাথে কাজ করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে। এসময় এমএসপি ফয়সল চৌধুরী বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেতৃস্থানীয় ভূমিকাকে সাধুবাদ জানান।
জলবায়ু সম্মেলনে যোগদান শেষে ১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply