১৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পাসপোর্ট বাতিল হতে পারে। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো, দেশে হানাহানির উদ্দেশ্যে দেশবিরোধী ষড়যন্ত্র করা। বিদেশিদের কাছে অপপ্রচার চালানো, সেগুলো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। কেউ যদি রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রমের সাথে যুক্ত থাকে, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। গতকাল আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আরও কারা এর সাথে যুক্ত প্রয়োজনে সেই তালিকাও করা হবে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারে মানবাধিকারের চরম লঙ্ঘনের কথা উল্লেখ করে কারাগারটি বন্ধের আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর হাছান বলেন, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে একটি কুখ্যাত কারাগার। যেখানে গত বিশ বছর ধরে বন্দিদের বিনা বিচারে আটক রেখে নির্যাতন করা হচ্ছে। মানবাধিকারের প্রচণ্ড লঙ্ঘন হচ্ছে। এই কারাগার যে নির্যাতন করার জন্য, সেটি সারা পৃথিবী জানে। জাতিসংঘের হিউম্যান রাইটস এক্সপার্টদের গতকালের বিবৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্রে কিভাবে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়। সেই বিবৃতিতে এটিও বলা হয়েছে, যে দেশটি সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষার কথা বলে তাদের দেশে কিভাবে মানবাধিকার চরমভাবে লংঘিত হয় আর তারই উদাহরণ হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার।
তথ্যমন্ত্রী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply