মানুষের মতো প্রাণিরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে

৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মতো প্রাণিরাও নতুন নতুন রোগে সংক্রমিত হচ্ছে, প্রাণি মারা যাচ্ছে। ময়না তদন্ত রিপোর্টে রোগ সংক্রমণের বিষয়টি উঠে এসেছে।

শনিবার দুপুরে সিলেটে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় মারা যাওয়া প্রাণিদের একাধিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে, অবহেলায় নয়, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জীবাণু সংক্রমণে জেব্রা, বাঘ আর সিংহের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, যে সব বিদেশি প্রাণি আনা হয়, সে দেশের জলবায়ু কিংবা থাকার জায়গা আমাদের দেশের মতো না। এছাড়া বিভিন্ন ধরনের রোগ ও জীবাণু সংক্রমণও হয়। সব প্রাণির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

সিলেটে বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম ফেরদৌস আলম, প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর অমলেন্দু ঘোষ, সিলেট আইএলএসটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুস্তম আলীসহ অন্যরা।

এরআগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সিলেটের টিলাগড়ে প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় নির্মাণাধীন বুল স্টেশন, সরকারি ছাগল উন্নয়ন খামার, সিলেট জেলা দুগ্ধ খামার পরিদর্শন করেন। দুপুরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী সিলেট সার্কিট হাউজে সিলেট বিভাগে কর্মরত প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় করেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *