বাঙালি জাতীয়তাবাদের শত্রুদের রুখে দেয়াই হোক একুশের প্রতিজ্ঞা

২১ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদের শত্রুদের রুখে দেয়া মহান একুশের প্রতিজ্ঞা হওয়া উচিত।

সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী তার রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি মূল অনুষ্ঠানে সংযুক্ত হন।

মন্ত্রী বলেন, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রাখতে চেয়েছিল, যারা শাসনের নামে শোষণ করেছিল সেই পাকিস্তানীদের প্রেতাত্মা এখনও বিভিন্ন সময়ে দেশে মাথাচাড়া দিয়ে উঠে। কখনও জামায়াত ইসলামের নামে, কখনও হেফাজতের নামে, কখনও জঙ্গী হিসেবে তাদের উত্থান হয়। তারা বলে যে, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না। তারা ইসলামের অপব্যাখ্যা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র করে। এরা দেশে ও দেশের বাইরে এখনও ষড়যন্ত্র করছে। যে বাংলা ভাষার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে, যে বাঙালি জাতীয়তাবাদ ঘিরে বাংলাদেশে স্বাধিকার আন্দোলন এবং পরিণতিতে জনগণের রায় নিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সে বাংলাদেশ যেন আবার স্বাধীনতার পরাজিত শত্রুদের খপ্পরে না পড়ে সে জন্য মাতৃভাষা দিবসের প্রতিজ্ঞা নিতে হবে।

তিনি বলেন, বাংলা ভাষার বিজয় না হলে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হতো না। আমাদের জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল বাংলা ভাষার ভিত্তিতে। সে জাতীয়তাবাদ ঘিরেই আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। যে সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আপাদমস্তক বাঙালিত্ব ধারণ করা বঙ্গবন্ধু বাঙালিদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে অধিকার প্রতিষ্ঠার জন্য একক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার। পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ জাকিসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *