২৮ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে এক বিবৃতিতে ইউক্রেন জানিয়েছিল, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। তাদের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকেই রয়েছেন বৈঠকে।
এর আগে রাশিয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি দেশটির বার্তা সংস্থা তাসকে জানায়, রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দুই পক্ষ আলোচনার টেবিলে বসতে পারে।
তিনি বলেন, আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছুবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব। আমরা সারা রাত জেগে তাদের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।
এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৈঠকে শুরুর আগে আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশটিকে এখনই সদস্য করে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে ৪৪ বছর বয়সী এই নেতা আহ্বান জানান, নতুন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি।
রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছাড়ানোকারীদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।
এসময় জেলেনস্কি তার দেশকে সমর্থন দেয়ায় পশ্চিমা দেশগুলোকে আবারও ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের যুদ্ধবিরোধী জোটের সমর্থন নিঃশর্ত ও নজিরবিহীন। আমাদের প্রত্যেকেই যোদ্ধা এবং আমি নিশ্চিত, আমরা সবাই জয়ী হব।
ইউক্রেন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply