১৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বর্তমান সরকারের আমলে কৃষক-বান্ধব নীতির কারণে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেছেন, ধান, মাছ, মাংস ও সবজি উৎপাদনে কৃষকের সক্ষমতা বেড়েছে। এখন নিরাপদ ও পুষ্টিকর খাবার ভোক্তার কাছে পৌঁছাতে কাজ চলছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভলান্টারি কনজুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ার্নেস সোসাইটি (ভোক্তা) ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, মাঠ থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাবার নিরাপদ হতে হবে। এই চেইনের যে কোন পর্যায়ে খাবার অনিরাপদ হতে পারে। একারনে ভোক্তাকে সবার আগে সচেতন হতে হবে। ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
ভোক্তা’র সভাপতি অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মীজানুর রহমান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।
সেমিনারে মূলনিবন্ধ উপস্থাপন করেন ভোক্তার পরিচালক মহসীনুল করিম লেবু, স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল।
খাদ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply