২০ মে ২০২২ (নিউজ ডেস্ক): শুধু পুঁথিগত বা সার্টিফিকেট নির্ভর শিক্ষা অর্জন না করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার পিরোজপুরের নেছারাবাদ শহীদ স্মৃতি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর’ চূড়ান্ত অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষা বা সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ সবচেয়ে বেশি ধারণ করতে হবে। শিক্ষার্থীরা যতো আদর্শ ও নৈতিক চরিত্রের অধিকারী হবে তাদের জীবন ততো বিকশিত হবে।
তিনি বলেন, সমাজের অনেক শিক্ষিত ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ছে, হীনকর্মকাণ্ড করছে। তারা সমাজের জন্য সম্পদ নয়, বোঝা। এজন্য শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। যাতে ভবিষ্যতে তারা দেশের নেতৃত্ব দিতে পারে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আদর্শ চরিত্রের ও মানসিকতাসম্পন্ন মানুষ হওয়ার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার শিক্ষা প্রদানের জন্যও শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
শ ম রেজাউল করিম বলেন, নারীরা যত শিক্ষিত হবে দেশ ততো উন্নত হবে। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অব্যাহতভাবে কাজ করছে। বর্তমানে সংসদ নেতা শেখ হাসিনা একজন নারী, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী একজন নারী। দেশের শিক্ষা মন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতাও নারী।
শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারেফ হোসেন, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ হোসেনসহ শহীদ স্মৃতি কলেজের শিক্ষকরা ও পরিচালনা পর্ষদের সদস্যরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply