দন্তচিকিৎসক বুলবুল হত্যায় আরও একজন গ্রেফতার

১৬ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকায় দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই তথ্য জানিয়েছে।

বুধবার বিকালে ঝালকাঠি জেলার নলছিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবি।

গ্রেফতার যুবকের নাম মোহাম্মদ রিপন। তার বয়স ৩০ বছর। গ্রেফতারকৃত রিপন বুলবুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হলো।

ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার বৃহস্পতিবার সকালে বলেন, এই হত্যার ঘটনায় আগে গ্রেফতার ব্যক্তিদের জবানবন্দিতে রিপনের নাম আসে। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন রিপন। তিনি ছিনতাইকারী দলটির নেতা।

ডিবির এই কর্মকর্তা বলেন, বুলবুলকে হত্যার পর রিপন নলছিটিতে পালিয়ে ছিলেন। তার বাড়ি ওই এলাকায়।

মানস কুমার বলেন, জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, বুলবুলের সাথে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে তারা পাঁচজন মিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বুলবুলের সাথে ১২ হাজার টাকা ছিল।

এ ঘটনায় এরআগে গ্রেফতার হয়েছেন আরও চারজন। তারা হলেন আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয়, সোলায়মান, রায়হান ওরফে আপন ওরফে সোহেল ও রাসেল হোসেন হাওলাদার।

এর আগে হৃদয় ও সোলায়মান ইতিমধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তার বলেছেন, তারা পাঁচজন গত ২৬ মার্চ দিবাগত রাত ২টা থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিলেন। বুলবুল যখন রিকশায় করে পশ্চিম কাজীপাড়ার নাভানা ফার্নিচারের সামনে আসেন, তখন তারা তার গতিরোধ করেন। এ সময় দলনেতা রিপনসহ অন্যরা বুলবুলের কাছে যা আছে, তা দিয়ে দিতে বলেন। বুলবুল দিতে রাজি না হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মুঠোফোন ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে বুলবুলকে ছুরিকাঘাত করেন রিপন।

বুলবুল হত্যার ঘটনায় তার স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন।

গ্রেফতার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *